নাটোরের লালপুরে লাবণী আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী শামীম হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লাবনী উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের শের আলীর মেয়ে এবং শামীম নাটোরের বিপ্রো বেলঘরিয়া গ্রামের ওসমান ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ও লাবনী তার দুই সন্তান নিয়ে সালামপুর বাজারের পাশে মজিবর মাওলানার বাড়িতে ভাড়া থাকতেন। দুবাই প্রবাসী শামীম গত ১৪ এপ্রিল দেশে আসেন। জানা যায়, শামীম নিয়মিত মাদক সেবন করতেন এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত বুধবার রাতে মাদক সেবন করে স্ত্রী লাবণী আক্তারকে মারধর করেন শামীম। পরে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর গলায় ওড়না জড়ানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা শের আলী লালপুর থানায় মামলা করেছেন।’