কিশোরগঞ্জে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: মোস্তাক মোল্লা (৩৫) নামে এক লন্ডন প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাক মোল্লা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লা) ছেলে। তিনি লন্ডন থেকে এ মাসের ৩ তারিখ বাংলাদেশে আসেন। কিছুদিন পর আবারো লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোস্তাক মোটরসাইকেলযোগে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’