ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ের বর্ণালী টাওয়ার ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। ওই তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। এখনো তার নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভবনের বাসিন্দারা বলছেন, নিহত তরুণী ওই ভবনের কেউ নন। তার এ মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। একইসাথে ঘটনাটি অনেকেই ‘রহস্যজনক’ বলে মনে করছেন। তবে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

ভবনের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ১টার দিকে গেট দিয়ে ভবনে প্রবেশ করেন নীল জামা পরা ওই তরুণী। এ সময় ভবনটির মূল ফটক খোলা ছিল। মুখে মাস্ক থাকায় চেনা যাচ্ছিল না তাকে। নিরাপত্তাকর্মী না থাকায় লিফটে উঠে উপরে চলে যান তিনি। দু’মিনিট পর ১২ তলায় লিফট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ছাদে চলে যান। কিছু সময় পর ভবনের নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে ঘটনার রহস্য বের করতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, ভবন কর্তৃপক্ষ ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘প্রকৃত অর্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। তার পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।’