মৌলভীবাজারের কমলগঞ্জে বিলুপ্তপ্রায় তিনটি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফ’-এর (সিউ) সহায়তায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকা থেকে এসব গন্ধগোকুল উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগের ফরেস্ট স্কাউট মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জ মো: তাজুল ইসলাম বলেন, ‘বড়চেগ এলাকার একটি বাড়িতে গন্ধগোকুলের বাচ্চাগুলো আটকানোর খবর পেয়ে টিমসহ সেখানে যাই। পরে জানতে পারি রোববার তিনটি বাচ্চা নিয়ে মা গন্ধগোকুল নিজ বাসস্থান থেকে বের হয়ে ওই বাড়িতে যায়।’

তিনি বলেন, ‘বাড়িতে কবুতর ও কোয়েল পাখির খামার থাকায় গন্ধগোকুলগুলো সেখানে আক্রমণ করতে যায়। পরে বাড়ির লোকজন বাচ্চা তিনটিকে আটকে ফেললেও মা গন্ধগোকুলটিকে আটকাতে পারেনি।‘

তিনি আরো বলেন, ‘সোমবার ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলের বাচ্চাগুলোকে মায়ের কাছে ফেরত দিতে চাইলে ওই বাড়ির সদস্যরা না করেন। এসব গন্ধগোকুল কবুতর ও কোয়েল পাখির ক্ষতি করে বলে জানান তারা। পরে আমরা বাচ্চা তিনটা উদ্ধার করে পরিচর্যার জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রেখেছি। কিছুদিন পরিচর্যার পর একটু বড় হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।’

সিউ-এর সহ-প্রতিষ্ঠাতা সোহেল শ্যাম বলেন, ‘একটি ফেসবুক গ্রুপে দেয়া পোস্টে শাবক তিনটি আটকানোর খবর দেখে বন বিভাগকে জানাই। তারপর বন বিভাগের সাথে মিলে শাবকগুলো উদ্ধার করি।’

বন্যপ্রণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা প্রাণিগুলোকে উদ্ধার করি। গন্ধগোকুলের ছানা তিনটির বয়স এক মাসের কিছু বেশি হবে।’