নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে নগদ অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এদিন বেলা ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মো: হাসান (৩২), আমজাদ হোসেন (৩০), বেগমগঞ্জের আবুল কালাম (৩৫), মো: হেলাল হোসেন (৩২), মো: মনির হোসেন (৩৫), মো: ইয়াছিন (৩১), মো: গিয়াস (২৯), মো: স্বপন (২৫), লক্ষীপুরের মিহির শাহা (৪৫), মো: সজিব (২৪) ও চাঁদপুরের মো: পারভেজ (৩১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গত রোববার দিনব্যাপী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ডের এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফাহিম হাসান খান এবং নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমান।

অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজা ও চার লিটার চোলাইমদসহ ১১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঘটনাস্থলেই চারজনকে সাত দিন করে সাতজন তিন দিন করে বিভিন্ন মেয়াদে সাজা ও ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরো বলেন, গ্রেফতার মাদকসেবীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।