ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ছোট ভাই আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দু’জনই কৃষিকাজ ও মাছ ধরার কাজ করতেন। বুধবার সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন আবুল খায়ের ও জাকারিয়া। ডোবার পানি সেচে ফেলার জন্য তারা বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি সেচের কাজ শুরু করেন। পরে দুপুরে মটরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দু’জনই একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’