বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সমাজের নৈতিক অবক্ষয়, অন্যায়, দুর্নীতি ও দেশের প্রতি উদাসীনতা থেকে ফিরে আসার জোর আহ্বান জানিয়ে বলেছেন, যারা দেশের অর্থ বিদেশে পাচার, জনগণের হক নষ্ট, ব্যাংকের টাকা লুট ও ক্ষমতার অপব্যবহার করেছে তাদের জন্য কঠিন বিচার অপেক্ষা করছে।
শুক্রবার (১৮ এপ্রিল) কক্সবাজার উখিয়ার ঐতিহ্যবাহী স্টেশন জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেয়া এক বয়ানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ধরুন, আপনি বহুতল ভবন নির্মাণ করেছেন, কিন্তু এখনো হয়তো কেউ আপনার কাছে পাওনা টাকা পায়। ভবন বিক্রি করে হলেও সেই হক আগে আদায় করুন। কিয়ামতের দিন আপনাকে এ নিয়ে কঠিন জবাবদিহি করতে হবে।’
বয়ান শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন ধর্ম উপদেষ্টা।
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন, স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা নিয়ামত বিন কামাল, মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নুরুজ্জামান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।