সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে যশোর শহরের বিভিন্ন এলাকায় পৃথক মিছিল করেছে যশোর বিএনপি।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার আগে ও পরে নগর বিএনপির পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ মিছিলের আয়োজন করে।

এ সময় দলটির নেতারা বলেন, ‘যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। কোনো সন্ত্রাসীর জায়গা যশোরে হবে না।’

তারা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এই সন্ত্রাসীরা জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। নতুন বাংলাদেশে সন্ত্রাসীদের আর সেই সুযোগ দেয়া হবে না।’

এ সময় ১ নম্বর ওয়ার্ডের বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা রোড, মণিহার, নীলগঞ্জ হয়ে মোল্লাপাড়া আমতলা মোড়ে গিয়ে শেষ হয়। রাতে ৩ নম্বর ওয়ার্ডের ২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া ৬ নম্বর ওয়ার্ডের চাঁচড়া ডাল মিল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেল বাজার হয়ে চারখাম্বার মোড়ে এসে শেষ হয়। ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর গোলপাতা মসজিদের সামনে থেকে শুরু হয়ে তালতলা মোড়, মুরগির ফার্ম গেট হয়ে শংকরপুর মহিলা মাদরাসার সামনে গিয়ে শেষ হয়। এছাড়া অন্য ওয়ার্ডেও মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।