মুন্সীগঞ্জের মেঘনা নদীতে আবারো সক্রিয় হয়ে উঠেছে নৌ-ডাকাত বাহিনী। রাত নামলেই নদীতে দেখা যায় ভয়ংকর চেহারা। অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে চলছে সংঘর্ষ, গোলাগুলি ও প্রাণহানি।

স্থানীয়রা জানায়, কিবরিয়া মিজি ও কানা জহিরের নেতৃত্বে দু’টি নৌ-ডাকাত দল এখন নদীতে দাপিয়ে বেড়াচ্ছে। কিছুদিন চুপ থাকলেও তারা আবারো বেপরোয়া হয়ে উঠেছে।

গত ৩০ জানুয়ারি রাতে নদীতে গোলাগুলির ঘটনায় মারা গেছে দুই ডাকাত সদস্য এবং আহত হয়েছে একজন। এ নিয়ে সে রাতে কালীরচর গ্রামের কাছে মাঝ নদীতে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পরদিন সকালে প্রতিপক্ষের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে গুলিবিদ্ধ হন এক অন্তঃসত্ত্বা নারী।

স্থানীয়রা আরো জানায়, কালীরচর ও চর আবদুল্লাহ এলাকার মেঘনা নদীতে বালু ও মাটি কাটার নিয়ন্ত্রণ নিয়েই এই সংঘর্ষ। নদীতে এখন স্পিডবোট ও ট্রলার নিয়ে মহড়া চালাচ্ছে ডাকাতরা।

এ বিষয়ে পুলিশ জানায়, এ ঘটনার মতলব উত্তর থানায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। কিবরিয়া মিজি ও কানা জহিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চাঁদপুর নৌ-পুলিশের সুপার মুশফিকুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেফতারে দেরি হচ্ছে।

মুন্সীগঞ্জের এসপি শামসুল আলম সরকার বলেন, ‘নদীতে অপরাধ ঠেকাতে নৌ-পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে, আমরাও তাদের সহায়তা করছি।’