ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলিতে বাগ্বিতণ্ডার জেরে সজিব (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর কাঁচিঝুলি মোড়ে নুরু মিয়ার চায়ের দোকানে ঘটনাটি ঘটেছে।
সজিব কাঁচিঝুলির হামিদ উদ্দিন রোড এলাকার বাসিন্দা আজাদ বাবুর্চির ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।
স্থানীয়রা জানান, রাতে হামিদ উদ্দিন রোডের নুরু মিয়ার চায়ের দোকানে শফিক মিয়ার ছেলে মন্টি ও সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় সজিব ও মন্টির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। নিহত সজিবের চাচা নুরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।