নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করা, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূন্যতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য রায়হান উদ্দিন শামীম বলেন, সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার, উচ্চশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছে। এরই প্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে।

তিনি আরো বলেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করে। কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কোনো লিগ্যাল নোটিশ না পাওয়ায় নিজেদের অধিকার আদায়ের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করে ডিপ্লোমা শিক্ষার্থীরা। সারাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দেয়। তারই ধারাবাহিকতায় নোয়াখালী এটিআইয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এবং অবস্থান কর্মসূচি পালন করে।