সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দু’বাংলাদেশী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে সীমান্তের মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন। গুলিবিদ্ধ দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, আহত দু’জন ভারত থেকে অবৈধভাবে চিনি আনতে গিয়েছিলেন। চোরাচালানের লেনদেন নিয়ে খাসিয়াদের সাথে বিরোধে জড়িয়ে পড়ায় খাসিয়ারা গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।
বিজিবি সূত্রে জানা যায়, বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশী চিনি আনতে যায়। এ সময় খাসিয়াদের সাথে টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে খাসিয়ারা গুলি চালায়। এতে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ্ধ হন।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্তের ওপারে দু’জন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয় খাসিয়াদের সাথে চোরাচালানি লেনদেন নিয়ে বিরোধের একপর্যায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।