ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ মাসুদ নামের এক যুবকে আটক করেছে র্যাপিড অ্যাককশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকর একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মাসুদ পাবনার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা গেছে।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় তিনতলা ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্ষটি থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বিদেশী খালি মদের বোতলসহ তাকে আটক করা হয়। তিনি একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনিকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।