বান্দরবানে বেড়াতে গিয়ে পর্যটক মৃত্যুর ঘটনায় করা এক মামলায় ট্যুর অপারেট ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৮ জুন ঢাকা থেকে ৩৩ জন পর্যটক নিয়ে আলীকদমের চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিসতং সামিটে যায় ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ। ১১ জুন ফেরার পথে পাহাড়ি ঝিরিতে প্রবল পানির স্রোতে ভেসে যান তিনজন পর্যটক। পরে ১৩ জুন শুক্রবার ভোরে আলীকদম বাজারের কাছে মাতামুহুরী নদী থেকে স্মৃতি আক্তার ও জুবায়েরের লাশ উদ্ধার করা হয়। তবে এখনো হাসান নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নিহত স্মৃতি আক্তারের বাবা আলীকদম থানায় একটি মামলা করেন। ওই মামলায়
পুলিশ ট্যুর গাইডের অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেফতার করে।
মামলার এজাহারে নিহতের বাবা উল্লেখ করেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার পরেও প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই বর্ষা ইসলামের পরিচালনাধীন ট্যুর অপারেট ৩৩ জন পর্যটককে ঝুঁকিপূর্ণভাবে দুর্গম এলাকায় নিয়ে যায়।
এ ঘটনায় বর্ষা ইসলামের অদক্ষতা ও অবহেলার অভিযোগ আনেন নিহতের বাবা হাবিবুর রহমান।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাউছার জানান, বর্ষা ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ট্যুর অপারেটর, গাইড ও অ্যাজেন্সিগুলোর আরো বেশি দক্ষ হওয়া প্রয়োজন।