কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে বসতঘরের ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পৌর সদরের শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ড স্টোরের কাছে একটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহত ইছাম উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি একই গ্রামের মরহুম আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, পৌর সদরের শ্রীরামদী কোল্ডষ্টোরের কাছে একতলা (চার ইউনিট) বাড়িতে বাড়ির মালিক এবং ভারাটিয়াসহ চারটি পরিবার বাস করত। বিল্ডিংয়ের কলাপ্সিপল গেটের তালা খোলা পেয়ে রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দেয়াল টপকিয়ে প্রথমে বাড়িটিতে প্রবেশ করে।

পরে বাড়ির প্রতিটি ইউনিটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে একটি কক্ষে বন্দি করে রাখে। পরে প্রতিটি কক্ষে তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে রেখে চলে যায়। ডাকাতদলের সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে আহত হন বাড়ির মালিক ইছাম উদ্দিন।

বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, ‘রাত ২টার পর চার থেকে পাঁচজন অস্ত্রধারী আমার ঘরে ঢুকে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের বিকাশ ক্যাশ ব্যাগ থেকে তিন লাখ ৫৪ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয়, এমনকি বাড়ি কেনার দলিলপত্রও নিয়ে গেছে ডাকাতরা।

আরেক ভাড়াটিয়া জানান, ‘দ্বিতীয় দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের জিম্মি করে আমার স্ত্রীর সব স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে।’

আহত বাড়ির মালিক ইছাম উদ্দিন বলেন, ‘১০ থেকে ১২ জনের একটি দল অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ডাকাতি করে। তারা শুধু আমার কাছ থেকে চার লাখ টাকা নিয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

বাড়ির মালিকের ছেলে জহিরুল ইসলাম ভাবন বলেন, ‘আমি ঢাকায় ব্যবসায়িক কাজে আছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হবে ভাবতেও পারিনি। ডাকাতরা বাড়ির সবকিছু লুট করে নিয়েছে। আমি ফিরেই প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেব।’

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া একজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।