বান্দরবান শহরের আর্মিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও জিয়া স্মৃতি সংসদ অফিসটি ভাঙচুর করে।

দুর্বৃত্তরা বিএনপি অফিসের আসবাবপত্র, টিভি, অফিসের কাঁচ ভেঙে ফেলে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে।

স্থানীয় লোকজন ও বিএনপি নেতারা জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা লাঠি-সোটা নিয়ে শহরের আর্মিপাড়ার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসটিতে হামলা করে। এ ঘটনার পর জেলা বিএনপির নেতারা অফিসটি পরিদর্শন করেন এবং ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটিতে হামলা করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার জানান, এই ঘটনার তদন্ত করা হবে।