‘শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর আয়োজিত ‘মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা ফেনীর শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

গত বুধবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখা জেলার স্বনামধন্য ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যতিক্রমী এই মেধা যাচাই কার্যক্রম পরিচালনা করে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী সরকারি পাইলট প্রাইমারি স্কুল, ফেনী কলেজিয়েট স্কুল, ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল, ফেনী সেন্ট্রাল হাই স্কুল এবং মেজর সালাউদ্দিন স্কুল।

এতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ১৫০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি এক ভিন্নমাত্রা লাভ করে।

জানা গেছে, ৫০ নম্বরের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল- সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন এবং আইকিউ। প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নতুন কিছু শেখার এবং মেধার সঠিক মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে ‘মাইন্ড ম্যারাথন’।

ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ শাকের রায়হানের তত্ত্বাবধানে পুরো আয়োজনটি পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন শাখা কর্মীপরিষদের সদস্য মুনতাসির আহমেদ, ইসমাইল হোসেন, খালেদ সাইফুল্লাহ মাসুম, শাহজাদা আহমেদ হোসেন, সামিউল তিশাদ, মুরসালিন, ফারহান ইবনে হায়দার ও তাহমিদ ইসলাম।

এই উদ্যোগের প্রশংসা করে ফেনী জেলা শিক্ষা অফিসার মো: সফি উল্লাহ ‘মাইন্ড ম্যারাথন’ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন এবং ফেনীর প্রতিটি স্কুলে এ কার্যক্রম পরিচালনার জন্য লিখিত অনুমতি প্রদান করেন।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এমন সৃজনশীল আয়োজন প্রশংসার দাবিদার বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।