রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আবারো পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রাসিক প্রশাসক মহান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করেন।
এদিকে রাজশাহী সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও পৃথকভাবে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ সাঈদসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বাদ জোহর জুলাই শহীদদের রূহের মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজশাহী সিটি করপোরেশনের সোনাদীঘি জামে মসজিদ, নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।