আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা, আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো, সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ ও ব্যাংকিং সেবায় ডিজিটাল লেনদেনের প্রয়োগসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের আয়োজনে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপত্তা শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘ন্যাশনাল সিম্পোজিয়াম অন ব্লেসিং অব টেকনোলজিক্যাল অ্যাডভ্যান্সমেন্ট ইন দ্যা ফিনটেক ইন্ড্রাস্ট্রি: আনলোকিং ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির এফবি বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘কনফারেন্স এমন একটি ভালো উদ্যোগ যেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞানের আদান-প্রদান, বিজ্ঞান বিষয়ক চিন্তাধারা ও ভালো বন্ধুত্ব অর্জন করতে পারে। কনফারেন্স শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলে, যা আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সেমিনারে প্রধান বক্তা ও ট্রেইনার ছিলেন এশিয়া ব্যাংকের আইসিটি ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বোরহানুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. এইচ. এম. মোশারফ হোসেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। এফবি বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকেলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বিশেষ অতিথির বক্তৃতা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কনফারেন্সের আহ্বায়ক ও এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় অধ্যাপক এ. এইচ. এম. শাহরিয়ার, প্রভাষক আল আমিন বিশ্বাস, নিশাত রুমালী, শাহানুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালনা করেন এফবি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হাবীব জিম ও জান্নাতুল ফেরদৌস জুলি।