মুন্সীগঞ্জ সদর থানা পঞ্চসার ইউনিয়নে জমি মাপাকে কেন্দ্র করে চারজনকে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে গুরুতর আহত দু’জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে মালির পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জুয়েল (৪০), মোহাম্মদ রাফি (২৬), প্রান্ত (৩০) ও গিয়াস উদ্দিন (৬৫)।

স্থানীয়রা জানায়, গিয়াস উদ্দিন ও সফি উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার উভয় পক্ষ মিলে জমি মাপার কাজ করছিল। এ সময় সফি উদ্দিনের চাহিদামতো না হওয়ায় তাদের লোকজন গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যদের ওপর হামলা করে।

আহত গিয়াস উদ্দিনের ছেলে প্রান্ত বলেন, ‘আমাদের ঘরের তিনজন আহত হয়েছে। আমার চাচা জুয়েলকেও আহত করেছে তারা। সন্ত্রাসী সফিউদ্দিন, আনিছুল ইসলাম পাগলা, ওসমান দেওয়ান, শাকিল, পাকিস্তানি মুন্নাসহ আরো ৫-৬ জন মিলে এ হামলা করে।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, মালির পাথর এলাকার জুয়েল একটি মারামারির অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।