মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার বাউশিয়া হাসান রাবার ইন্ডাস্ট্রির বিপরীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আলম মিয়ার ছেলে রনি (৩৮)। তিনি দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যানের চালক ছিলেন।
অন্যদিকে, আহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার কামাল হোসেন (৫০), বিল্লাল হোসেন (৪২), রনি (৩০) এবং যশোর জেলার কেশবপুর উপজেলার কামরুল (২৭)। গুরুতর আহত কামাল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক সাথে কথা বলে জানা গেছে, ঢাকামুখী একটি পিকআপভ্যান রোড ডিভাইডারে ধাক্কা খেলে থেমে যায়। পেছন থেকে দ্রুতগতির দু’টি কাভার্ডভ্যান এসে পরপর পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রনি চাপা পড়ে। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আটকে পড়া কাভার্ডভ্যানে চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শওকত হোসেন জানান, নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।