পিরোজপুরের কাউখালীতে ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় গুরুতর জখম হয়েছেন ছাত্রদলের সাত নেতাকর্মী।
শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত নেতাকর্মীরা হলেন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রিয়াজ, ছাত্রদলকর্মী নাইম ও স্বেচ্ছাসেবকদলকর্মী মেহেদী হাসান।
আহত তারিকুল ইসলাম সুমন জানান, ‘শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন। এছাড়া আমাদের আলোচনা ও কর্মসূচির শান্তিপূর্ণ পরিবেশ ভেঙে পড়েছে।’
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রমজান আলী বলেন, ‘আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। দেশে রাজনৈতিক প্রতিযোগিতা বন্ধ হয়ে যাওয়ার ফলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে চলছে।’
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান জানান, ‘পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’