কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল মিয়া (২৭) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল নামে আরো একজন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া-মঠখোলা সড়কের ফায়ার সার্ভিসের কাছে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামের রহমতুল্লাহর ছেলে। তিনি কুয়েত প্রবাসী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুয়েত প্রবাসী দু’বন্ধু মিলে মোটরসাইকেলযোগে পাকুন্দিয়া থেকে মঠখোলা যাওয়ার পথে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।