গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। সমাবেশকে সফল করতে বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জোটের নেতারা।
শনিবার (২৭ জুন) বেলা ২টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে ১১ দলীয় ঐক্য জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার আমির আবদুল করিম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। জনগণ এ পরিস্থিতির পরিবর্তন চায়। তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে এবং দেশে জবাবদিহিমূলক ও গণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়ন সময়ের দাবি। বিভাগীয় সমাবেশের মাধ্যমে এ দাবির পক্ষে জনগণের মতামত তুলে ধরা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের নায়েবে আমির মো: আসাদুজ্জামান, জেলা সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং মহানগরের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।
সমাবেশে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতারা।