পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার ও হাসপাতাল এলাকায় পণ্যের মান, নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ও কাউখালী থানা পুলিশের সদস্যরা।

অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে, অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে রিয়াদ স্টোরকে আট হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশে রাখার অভিযোগে ভাই ভাই মেডিক্যাল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। অননুমোদিত খাদ্যপণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই মেনে নেয়া হবে না। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, ‘নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাজারে যাতে ভেজাল, অননুমোদিত বা ক্ষতিকর পণ্য বিক্রি না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের আরো সচেতন হতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’