বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘তরুণরাই দেশের ভবিষ্যৎ। আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। বিএনপি ভবিষ্যত বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
শুক্রবার (২৩ মে) বিকেলে যশোর জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাফুফে সভাপতি বলেন, ‘সকল অসামাজিকতারোধে যুবসমাজকে সাহসিকতার সাথে কাজ করতে হবে। এখন সময় এসেছে দেশের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনের হারানো ঐহিত্য ফিরিয়ে আনার। দেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গন কাজে লাগিয়ে বিদেশীদের বুকে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে হবে।’
যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র সাংবাদিক হারুন জামিল, দড়াটান জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক হারুন জামিল বলেন, ‘বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তরুণদের রাজনৈতিকভাবে সচেতন, দায়িত্ববান ও সতর্ক করে গড়ে তোলা। তরুণদের সচেতন ও দায়িত্ববান করে তুলতে পারলে দেশ দ্রুত অনেক দূর এগিয়ে যাবে। কারণ তরুণরাই দেশ তৈরির সূতিকাগার।’