নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুরে যুবলীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন আলোকে (৪৫) দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।

শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার চিকিৎসার খোঁজ খবর নেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা।

এ সময় তার সাথে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমনসহ যুবদল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১ এপ্রিল উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন আলো ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লা বাহার হিরনের বাড়িতে দাওয়াত খেতে যায়। পরে জাকির জেলা শহর মাইজদী থেকে বাড়ির উদ্দেশে যাত্রা করে। পথে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় পৌঁছালে সড়কে যানজট নিয়ে সিএনজি চালকের সাথে জাকিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবলীগ নেতাকর্মীরা জাকিরকে মারধর করে রাস্তার পাশে ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে বিএনপি কর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে স্থানীয় লোকজন গুরুতর আহত জাকিরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।