নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুই প্রবাসীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে হাতিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার জড়িত একজনকে গ্রেফতার করেছে। এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে জাহাজমারা ইউনিয়নের রফিক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রবাসীরা হলেন মোহাম্মদ ফারুক উদ্দিন (৪১) ও মোহাম্মদ নেছার উদ্দিন (৪৭)। তারা আপন চাচা-ভাতিজা।

জানা গেছে, মোহাম্মদ ফারুক উদ্দিন ও মোহাম্মদ নেছার উদ্দিনের কাছে একই এলাকার সাইমুন উদ্দিন (৩২) টাকা হাওলাত চায়। টাকা দিতে অস্বীকার করলে সে (সাইমুন) ক্ষিপ্ত হয়।

ফারুক জানান, ‘বৃহস্পতিবার রাতে আমি ও আমার চাচা মোটরসাইকেলে সোনাদিয়া ইউনিয়নের রফিক মার্কেট এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে এলাকার লোকজন উদ্ধার করে তাদেরকে হাসপাতালে ভর্তি করে।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, টাকা হাওলাত দিতে অস্বীকৃতির জের ধরে এই ঘটনা ঘটেছে।

ওসি জানান, এ ঘটনার প্রধান আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।