সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, ‘সমাজসেবা অধিদফতর সমাজের সকল শ্রেণির মানুষের জন্য কাজ করে। সমাজের অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদফতর অঙ্গীকারবদ্ধ।’

রাষ্ট্র সকল নাগরিকের অভিভাবকের মতো উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। রাষ্ট্রের পক্ষে সমাজসেবা অধিদফতর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, ‘সমাজসেবা অধিদফতর সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকার ভাতা প্রদান করে থাকে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ও দুঃস্থ শিশুদের মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিত করে।’

পৃথিবীর সকল মানুষের চাহিদা একই রকম উল্লেখ করে তিনি বলেন, ‘মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি ব্যক্তির সামাজিক নিরাপত্তাও একটি অধিকার। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে বসবাস করার সুযোগ করে দেয়ার দায়িত্ব সমাজের ও রাষ্ট্রের। তাদেরকে সঠিক পরিচর্যা করা, শিক্ষার ব্যবস্থা করা, আনন্দ ও সুখি রাখার গুরুত্বপূর্ণ কাজটিই সমাজসেবা অধিদফতর করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়ক। সমাজসেবা অধিদফতরের আওতায় বেড়ে ওঠা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। শিশু পরিবার ও নিবাসে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে।’

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের পরিচালক সমীর মল্লিক ও মো: মোশাররফ হোসেন, উপপরিচালক দেবব্রত দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রফিকুল ইসলামসহ বিভাগীয় সমাজসেবা অধিদফতরের অধীন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।