নাটোরের লালপুরে পরকীয়া প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে আওয়ামী লীগ নেতা শফিউদ্দৌলা শাফিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার দূড়দুড়িয়া গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শফিউদ্দৌলা শাফি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু ক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক (সিআইসি) পদে কর্মরত রয়েছেন।
জানা যায়, শফিউদ্দৌলা শাফি ও তার সহকর্মী লাবনী সুলতানা ওই মিলের মাধবপুর সেন্টারে কর্মরত থাকাকালে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ সময় সহকর্মীরা নিষেধ করলেও তারা তাদের অপকর্ম চালিয়ে যান। এরমধ্যে প্রেমিক শাফির সহায়তায় সিআইসি পদটি বাগিয়ে নেন ওই নারী (লাবনী)। সিআইসি পদ পাওয়ার পর থেকে তিনি শাফির সাথে যোগাযোগ কমিয়ে দিতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে শাফি এ নিয়ে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যেতে থাকেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। বিষয়টি জানতে পেরে সে সময় বিষয়টি মীমাংসা করা হয়। পরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করা হয়। টাকা না দেয়ায় শুক্রবার (৯ মে) সন্ধ্যার দিকে ‘ময়না মনি’ নামে ফেসবুক আইডি থেকে আপত্তিকর ভিডিওগুলো ছড়িয়ে দেয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, ‘রাতে ভুক্তভোগী নারী লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এ ঘটনা রাতেই অভিযান চালিয়ে শফিউদ্দৌলা নামে একজনকে গ্রেফতার করে নাটোর আদালতে পাঠানো হয়েছে।’