কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুল্লাহ (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের গান্ধারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ ওই গ্রামের মরহুম শামসুদ্দিনের ছেলে। তিনি প্রবাসে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দু’ মাস আগে নিহত হাবিবুল্লার বড় ভাই আমানুল্লাহর স্কুল পড়ুয়া ছেলে সাত্তারের সাথে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জুবায়েতের ঝগড়া হয়। এ নিয়ে দু’ পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ করেও এর কোনো মীমাংসা হয়নি।

এর কয়েকদিন পর নিহত হাবিবুল্লাহ বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই প্রতিপক্ষ হেলালের পরিবার তাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে এ পরিপ্রেক্ষিতে শুক্রবার হাবিবুল্লাহ তার নিজ গ্রামে মসজিদে জুমার নামাজের জন্য বাড়িতে থেকে রওনা হলে ঈদগাহ মাঠের সামনে আসা মাত্রই প্রতিপক্ষ হেলালের ভাগ্নে মুখলেস তার পথ আটকিয়ে তাকে জড়িয়ে ধরে রাখে। এ সময় আগে থেকে ওত পেতে থাকা হেলালসহ কয়েকজন তার ওপর লাঠি, রড দিয়ে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত মো: মোবারক হোসেন জানান, পূর্ব শত্রুতার ধরে একজনকে পিটিয়ে হত্যা করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।