নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্কুলছাত্র মো: আমির হোসেন শামীম (১৩) একই ওয়ার্ডের সোলেমান মিস্ত্রি বাড়ির আজগর হোসেন সুজনের ছেলে এবং স্থানীয় চরএলাহী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানায়, সকাল থেকে প্রবাসী সুজনের বসতঘরের চারপাশে মাটির ঢেলা পাকা করার কাজ শুরু করে নির্মাণশ্রমিকরা। এ জন্য তার ছেলে শামীম ও তার মা ভেতরের একটি কক্ষ থেকে খাট সরানোর কাজ শুরু করেন। খাট থেকে তাদের হাত ফসকে গিয়ে বসতঘরের মাঝখানে থাকা টিনের বেড়ার ওপর পড়ে। এসময় মা-ছেলে দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’