গাজীপুরে মাওলানা রঈস উদ্দিনের হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য ইমাম পরিষদ।

সোমবার (৫ মে) সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য ইমাম পরিষদের আহ্বায়ক মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এবং সদস্য মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রাঙ্গামাটি সিনিয়র মাদরাসা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মাওলানা রঈস উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়, বরং ইসলাম প্রিয় মানুষের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের মূলহোতা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।