রাঙ্গামাটি জেলায় অবস্থিত মসজিদগুলোতে একই সময়ে পবিত্র জুমার নামাজ দুপুর দেড়টায় আদায়ের জন্য সকল খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
সোমবার (১৪ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে ইফা’র উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো: পেয়ার আহমদ।
উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর বলেন, ‘বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিরা) সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে দুপুর দেড়টার সময়ে সকল মসজিদে পবিত্র জুমার নামাজ যাতে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলায় অবস্থিত সব মসজিদে দুপুর দেড়টায় পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটিসহ সম্মানিত খতিব ও ইমামদের প্রতি আমি এই আহ্বান জানাই।’
অনুষ্ঠানে ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মিরাজ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কারাগার রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো: আশহাদুল ইসলাম, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো: মাহবুব আলম, মডেল কেয়ারটেকার মো: আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো: শামসুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মো: ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।