পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্জ্রপাতে তাহের মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চরকাওনা মহিষাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষক তাহের মিয়া চরকাওনা মহিষাকান্দা গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে। আমতলী বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। তিনি উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও জাঙ্গালীয়া ইয়নিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে তাহের মিয়াসহ আরো দু’জন ক্ষেতে সবজি তোলার জন্য যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হটাৎ ঝড় বৃষ্টি শুরু হলে ক্ষেতের পাশের একটি সেচ মেশিনের ঘরে অবস্থান নেয় তারা। এ সময় ব্জ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তাহের মিয়া। এছাড়াও আলামিন (৩৫) ও হেলাল উদ্দিন (৪০) নামে আরো দু’জন আহত হয়েছেন। তারা একই এলাকার বাসিন্দা।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, ব্জ্রপাতে আহত হয়ে দু’জন পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন ব্জ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।