জনগণের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য আমাদেরকে আরো বেশি সতর্ক থেকে কাজ করতে হবে।’
সোমবার (২৩ মার্চ) শহীদ টিটু পৌর মিলনায়তনে দুস্থদের মাঝে ছাগল বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে সকল মামলা থেকে দেশনায়ক তারেক রহমান খালাস এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নষ্ট হতে দেয়া যাবে না। যারা দেশ ও জনগণের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করতে হবে।’
সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘কেউ নতুন দল করতে চাইলে বাধা নেই। কিন্তু সেই দলে হাসিনার দোসরদের মেনে নেয়া হবে না।’
এ সময় অনুষ্ঠানে গরীব দুস্থ ১০ পরিবারকে ১০টি ছাগল দেয়া হয়। পরে জিয়া পরিবারের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, বিএনপি নেতা সাইরুল ইসলাম, পরিমল চন্দ্র দাস, ফারুকুল ইসলাম ফারুক, মাহবুব হাসান লেমন, নিহার সুলতানা তিথি, সুরাইয়া জেরিন রনি প্রমুখ।