নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ মে) বিকেল ৪টার দিকে টাউন হল মোড়ে প্রধান সড়কে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

এ সময়ে মাইজদী পৌর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, জাস্টিস ফর জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতারা এই কর্মসূচিতে সমর্থন জানান।

সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর গণহত্যার দৃশ্যমান এত প্রমাণ থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। অথচ ছাত্র-জনতার রক্তের উপর দিয়েই এই সরকার গঠিত হয়েছিল। এই সরকারের নিজের স্বীকৃতি নিজেই নষ্ট করার চেষ্টা করছে। সরকার বারবার বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলছেন। কিন্তু জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে বড় সংস্কারের কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এ সময় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।