ঢাকার ধামরাইয়ে বাস খাদে পড়ে মো: আব্দুল মোহিত (৭০) নামে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরো ছয়জন।

আজ বৃহস্পতিবার উপজেলার সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, আরিফুল ইসলাম (৩০), সেলিম রেজা (৩১), আইরিন আক্তার (২২), মোস্তফা কামাল (২৮), আবু রাসেল (৪০) ও সালমা বেগম (৫৫)। নিহত ও আহতদের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার জানান, আজ বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামক একটি পরিবহন ঢাকা যাওয়ার পথে ধামরাই সুতিপাড়া বাস স্ট্যান্ডের কাছেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সড়ক দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের ভেতর থেকে গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ধামরাই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং নিহত একজনের লাশ উদ্ধার করে গ্লোড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।