ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে অরুয়াইল দক্ষিণ বাজার ছেত্রা নদীর তীরে আয়োজিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে।

গ্রামবাসীরা জানায়, ৫০ বছর ধরে তারা এই সেতুর জন্য অপেক্ষা করছে। বর্তমানে নদী পারাপারের জন্য একটি অস্থায়ী, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করতে হচ্ছে। এই সাঁকো দিয়ে দুই পাড়ের প্রায় ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। বর্ষা মৌসুমে এই সাঁকো ঝড়-তুফানে ক্ষতিগ্রস্ত হয়, যা জনজীবনে ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি করে।

এলাকার মা ও বোনেরা জানায়, ইমার্জেন্সি অবস্থায় অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই বাঁশের সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। অনেক সময় প্রত্যন্ত গ্রামের নারীদের প্রসব বেদনা শুরু হলে এই সাঁকোর ওপর দিয়ে হেঁটে নিয়ে যেতে হয়। এ নদীর ওপর সেতুটি করে দিলে আমাদের চলাচলের অনেক উপকার হবে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, বর্ষাকালে যাতায়াতের মাধ্যম হিসেবে নৌকা ব্যবহার করা হলেও শুষ্ক মৌসুমে আমাদের এই বাঁশের সাঁকো দিয়েই নদী পার হতে হয়। সেতুর অভাবে ওই এলাকার মানুষ শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকে পিছিয়ে রয়েছেন। প্রতিদিন প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী বাঁশের সাঁকো দিয়ে আসা যাওয়া করে। বর্ষা মৌসুমে ঝড় তুফানে এই সাঁকো ভেঙে যায়। ফলে সঠিক সময়ে তারা স্কুলে যেতে পারে না।

মাওলানা আশরাফ মাহদি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করবো। তারা যেন অতিদ্রুত সময়ের মধ্যে এই সেতু নির্মাণ প্রকল্প নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। এনসিপি জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেয়ার জন্য রাজনীতিতে এসেছে। আপনারা আজ যে দাবিতে মানববন্ধন করছেন এ দাবী জনমানুষের দাবি। নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মকভাবে অরুয়াইল পাকশিমুলের সকল গ্রামবাসীর পাশে আছি।

মানববন্ধন উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি, অরুয়াইল ইউনিয়নের আজিজুল হক, রানিদিয়া সর্দার সফুরুদ্দিন, জাকিয়া আক্তার, এলাকায় মুরুব্বি তারু মিয়া, কাকরিয়ার সর্দার আব্দুল কাইয়ুম, ফতেহপুর গ্রামের সর্দার শহিদুল্লাহ, জহিরুল হক মাস্টার, কুদ্দুস মিয়া, পানিশ্বর ইউনিয়নের হাজী মোবারক হোসাইন, দুর্জয় মাহমুদ, নোয়াগাও ইউনিয়নের মোস্তাফিজুর রহমান তামিম।