গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযান করা হয়েছে।
রোববার (৪ মে) দিবসটি উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এ সময় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ভেটেরিনারি দিবসের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।
ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভেটেরিনারি পেশা কেবল পশু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিসম্পদ খাত আমাদের দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি বিধায় এই খাতের উন্নয়নে দক্ষ ও মানবিক ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিসীম।’