মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৬ এপ্রিল) রাতে ভুক্তভোগীর বাবা শহীদুল ইসলাম সাটুরিয়া থানায় অভিযোগ করলে পুলিশ হরগজ নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ইয়াকুব পারভেজ ওই এলাকার কলিমুদ্দিনের ছেলে।
সূত্রে জানা গেছে, ইয়াকুব পারভেজের হরগজ বাজারে একটি স্টুডিও, ফটোকপি ও কম্পিউটারের দোকান রয়েছে। ওই ছাত্রী ফটো তোলার জন্য দোকানে গেলে ইয়াকুব তাকে নানা প্রলোভন দেখান। এতে কাজ না হওয়ায় নেশাজাতীয় তরল পান করিয়ে ছাত্রীকে বিবস্ত্র করে মোবাইলে ধারণ ও ধর্ষণ করেন। এরপর থেকে ওই তরুণীকে নগ্ন ছবি গণমাধ্যম ও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করেন তিনি।
ওই তরুণী জানান, ‘আমি গত ফেব্রুয়ারি মাসে তার দোকানে স্কুলের কাজের জন্য ছবি তুলতে যাই। এ সময় দোকানের মালিক পারভেজ আমাকে নানাভাবে অশ্লীল কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে এনে মোবাইলে ধারণকৃত আমার কিছু নগ্ন ছবি দেখায়। তারপর থেকেই আমাকে সে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করে।’
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ইয়াকুব পারভেজকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিকে আজ সোমবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।