নারী সংস্কার কমিশনের সুপারিশ এদেশের সমাজ ও সংস্কৃতিবিরোধী মন্তব্য করে রাজশাহীতে বক্তারা বলেছেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীকে সমান অধিকার, উত্তরাধিকার আইনে সমান অধিকার এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার সুপারিশ ইসলামের সাথে সাংঘর্ষিক। এটি এদেশের সমাজ ও সংস্কৃতিবিরোধী। তাই এই সুপারিশমালা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা মেনে নেবে না।’

শুক্রবার (১৬ মে) বিকেলে ‘নারী সংস্কার কমিশনের সুপারিশ : বাংলাদেশের মুসলিম সমাজের প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

এ সময় বৈঠকে আলোচকরা নারী সংস্কার কমিশনের করা সুপারিশমালার অন্তত ২০টি অসঙ্গতি তুলে ধরেন এবং উদ্বেগ প্রকাশ করেন।

প্রফেসর ড. সালেহা জেসমিনের সভাপতিত্বে ও নাসরিন আক্তার আব্বাসীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় উদ্বোধনী বক্তব্য দেন বরেন্দ্র নারী কণ্ঠের সেক্রেটারি সামশাদ জাহান লিপি।

অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রফেসর ডা: উম্মে আবরার, ডা: ফাতেমা সিদ্দিকা, ড. শারমিন সুলতানা, প্রফেসর হোসেন আরা, ড. মঞ্জিলা শরীফ, শাহানারা খাতুন রহীমা, লামিয়া তাসনীম, সেলিনা পারভীন রুমা ও ফারহানা শরমীন।