চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার সময় এক পরীক্ষাকেন্দ্রে অননুমোদিত প্রবেশ ও ভিডিও ধারণের ঘটনায় জনমনে তীব্র প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থাকা অবস্থায় পরীক্ষাকেন্দ্রে ঢুকে পরীক্ষার হলের ভেতরের ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বিকেলের দিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সূত্রে জানা গেছে, পরীক্ষার সময় কেন্দ্রের ভেতরে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্টরা কেন্দ্রের বিভিন্ন অংশে ঘোরাফেরা করেন এবং পরীক্ষার্থীদের কক্ষের ভিডিও ধারণ করেন। ভিডিওতে কেন্দ্রের সার্বিক পরিস্থিতির পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম বলেন,

সিসিটিভিতে দেখে হলে গিয়ে বুঝতে পারি তারা এসিল্যান্ড স্যারের সাথে ছিলেন। সে কারণে তখন কিছু বলা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের দাবি করেন, ‘আমি তাদের কেন্দ্র থেকে বের করে দিয়েছি। আমার সামনে তারা হলে কোনো ভিডিও ধারণ করেনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারো কেন্দ্রে বা হলে প্রবেশের কোনো আইনগত সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এমন ঘটনায় দ্রুত তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।