কক্সবাজারের উখিয়ায় পারিবারিক জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী রয়েছেন।
আজ বুধবার দিবাগত রাতে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা রওশন আরা মারা যান।
এর আগে, রোববার (৬ এপ্রিল) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় চাচাত-জেঠাত ভাই-বোনদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৪৪), আব্দুল মান্নান (৩৪), শাহিনা বেগম (৩৮) ও রওশন আরা (৪২)।
এ ঘটনায় আব্দুল মান্নানের আরেক বোন পিংকি আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার ডিজিটাল হাসপাতালে এবং মাওলানা মামুনের ভাই আব্দুল হামিদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, উভয়পক্ষের মামলার পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।