মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার ফুরসাইল মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভরাট কাজে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, খান বাড়ি সংলগ্ন এলাকা এবং ছবিছন্দা সিনেমা হলের পেছনের তিনটি পৃথক স্থানে অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে ভরাট কাজে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে এলাকাবাসীকে কোনো ধরনের অনুমতি ছাড়া কৃষিজমি ও জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।