নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তারকে সিএনজিচালিত অটোরিকশায় হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৬ মার্চ) দুপুরে উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, গত ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় থেকে চৌমুহনী চৌরাস্তার আপন নিবাস হাউজিংয়ে বাসায় যাওয়ার উদ্দেশে একলাশপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে শিক্ষিকা পারভীন আক্তার। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা কয়েকজন পুরুষ তাকে শারীরিকভাবে হেনস্তা করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এ সময় তারা শিক্ষিকার ব্যাগ থেকে টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে অটোরিকশাটি স্থানীয় জালাল উদ্দিন কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় ৩০ মিনিট বিভিন্ন স্থানে ঘুরে ভিকটিমকে একটি নির্জনস্থানে নিয়ে নামিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে রোববার দুপুরে একলাশপুর উচ্চ বিদ্যায়ের শিক্ষার্থীরা প্রথমে মাইজদী-চৌমুহনী সড়ক অবরোধ করে। পরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে মানববন্ধন করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আগেই নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।