অবশেষে নিখোঁজের ছয় দিন পর সন্ধান মিলেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ গ্রামের মোঃ কনর মিয়ার স্ত্রী মোছা পারুল বেগমের।

আজ সোমবার বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।

পারুল বেগমের স্বামী কনর মিয়া জানান, পারুল কিছুটা মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। গত ৬ মে হঠাৎ কাউকে না জানিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলে এত দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ (সোমবার) সকাল ১১টার দিকে তাদের এক নিকটাত্মীয় তাকে (পারুল বেগম) সিলেট রেলস্টেশনে ঘোরাঘুরি করতে দেখেন। এরপর ওই নিকটাত্মীয় পারুল বেগমকে সাথে নিয়েই ট্রেনে করে কুলাউড়ায় ফেরেন। নিখোঁজের ছয় দিন পর স্ত্রীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।

উল্লেখ্য, পারুল বেগম মঙ্গলবার (৬ মে) ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।