ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মসজিদে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে হাসান মিয়া (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান।
যাত্রীবাহী বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল বলেন, ‘যাত্রীবাহী বাসটির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মসজিদের ভেতরে ঢুকে গেলে হতাহতের ঘটনা ঘটে।’
রাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, লাশ দুটি উদ্ধারের পর তারাকান্দা থানায় নেয়া হয়েছে। সেই সাথে বাসটিও জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।