পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটিতে ছিল দেশ। তবে ব্যতিক্রম ছিল সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো। ঈদের নয় দিনের ছুটিতে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ২৮৭ নরমাল ডেলিভারি হয়েছে। এ সময়ে সিলেট জেলার ১৫০ মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় ১২০০ নারীকে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা দেয়া হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১৫০টি কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সময়ে সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোরী সেবা দিয়ে আসছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রক্রিয়ায় ২৮৭ জন নারী সন্তান প্রসব করেছেন। তাছাড়াও গর্ভকালীন সেবা ৭৩৯টি, প্রসবোত্তর সেবা ৪১৪টিসহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোরী ও সাধারণ রোগীকে সেবা দেয়া হয়েছে।
পরিবার পরিকল্পনা বিভাগ আরো জানায়, সিলেট বিভাগের চার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬টি, মৌলভীবাজারে ২৭টি ও হবিগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়।
পরিবার পরিকল্পনা অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ বলেন, ‘মহাপরিচালকের নির্দেশনায় ঈদের টানা নয় দিনের ছুটিতে যাতে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত থাকে সে বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ঈদের ছুটিতে সেবা প্রদানও অব্যাহত রেখেছেন।’