সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে নৌকার মাঝি এবং সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাইয়ে কৃষিশ্রমিক মারা গেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজারের কাছে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে। নিহত জিলান মিয়া (৩৫) উপজেলার বাঘমারা পশ্চিমপাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘প্রতিদিনের মতো নদীতে নৌকা চালাতে বের হন জিলান মিয়া। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এদিকে সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামে কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের মরহুম সালাউদ্দিনের ছেলে। চন্ডিপুর গ্রামে ধানকাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, ‘পৌরসভার চন্ডিপুর গ্রামের কাছে বরাম হাওর থেকে ধান কেটে কাঁধে করে ধানের বোঝা আনার সময় সন্ধ্যা ৬টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। আশপাশের লোকজন তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার প্রশান্ত তালুকদার এর সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬ দশমিক দু’মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি আরো জানান, ‘দেশের মধ্যাঞ্চলজুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান রয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলে বজ্রমেঘ সক্রিয় রয়েছে। ফলে পরবর্তী চার থেকে পাঁচ দিন বজ্রপাতের ঝুঁকি থাকবে। কৃষকদের এই সময় মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।’